বাজারে ডিইবির আচমকা অভিযান, মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে কড়া নজরদারি!

সিউড়ি: নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও কালোবাজারি রুখতে শনিবার সকালে সিউড়ির টিনবাজার- সহ বিভিন্ন বাজারে আচমকা অভিযান চালাল পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ (ডিইবি)।

জেলা পুলিশের পাশাপাশি কলকাতা হেডকোয়ার্টারের আধিকারিকরাও এই অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালীন সবজি, মাছ, মাংস ও মুদি দোকানে গিয়ে বিভিন্ন পণ্যের বর্তমান বাজারদর খতিয়ে দেখেন আধিকারিকরা।

কোথায় কোন পণ্য কত দামে বিক্রি হচ্ছে, তা নথিভুক্ত করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের ওজন মাপার যন্ত্র ও বাটখারাও পরীক্ষা করে দেখা হয়।

প্রশাসনের তরফে মূলত অকারণে পণ্যের দাম বাড়ানো এবং ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য নেওয়া হচ্ছে কি না, সে বিষয়ে নজরদারি চালানো হয়। আচমকা এই অভিযানে বাজারের ব্যবসায়ীদের মধ্যেও চাঞ্চল্য ছড়ায়।

অগ্নিমূল্যের বাজারে সাধারণ মানুষের স্বার্থে প্রশাসনের এই ধরনের নজরদারি জরুরি বলে মনে করছেন ক্রেতাদের একাংশ।

ডিইবি সূত্রে জানা গিয়েছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে নজরদারি চালানো ও বাজারদর নিয়ন্ত্রণে রাখতে এটি নিয়মিত অভিযানেরই অংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here