২৯০ কোটি টাকার ব্যাংক জালিয়াতি মামলায় তল্লাশি, কলকাতা-হাওড়া সহ রাজ্যের ১১ জায়গায় ইডির অভিযান!

কলকাতা: ২৯০ কোটি টাকার ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরূপের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি অভিযান চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি।

বৃহস্পতিবার কলকাতা, হাওড়া-সহ রাজ্যের মোট ১১টি জায়গায় একযোগে তল্লাশি চলছে বলে জানা গিয়েছে। পাশাপাশি ঝাড়খণ্ডেরও একাধিক জায়গায় অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

ইডি সূত্রে খবর, ঝাড়খণ্ডে ৬৬ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি বিদ্যুৎকেন্দ্র গড়ার জন্য বিপুল পরিমাণ ব্যাংক ঋণ নেওয়া হয়েছিল।

অভিযোগ, ঋণের টাকা নেওয়ার পর প্রকল্পের কাজে তা ব্যবহার না করে বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে সরিয়ে দেওয়া হয়। এর মাধ্যমে বিপুল পরিমাণ আর্থিক তছরূপ করা হয়েছে বলে অভিযোগ।

প্রায় ২৯০ কোটি টাকার এই ব্যাংক জালিয়াতির মামলার তদন্তে নেমেই এদিনের তল্লাশি অভিযান বলে জানা গিয়েছে।

সংশ্লিষ্ট সংস্থার কয়েকজন ডিরেক্টর ও আধিকারিকের বাড়িতেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা।

তল্লাশি চলাকালীন বিভিন্ন নথি, আর্থিক লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য খতিয়ে দেখা হচ্ছে বলে সূত্রের খবর।

তবে অভিযানে এখনও পর্যন্ত কী কী নথি বা সম্পত্তির সন্ধান মিলেছে, সে বিষয়ে ইডির তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here