শিলিগুড়ি: মাটিগাড়া – নকশালবাড়ি বিধানসভা এলাকার মাটিগাড়া ব্লকের একটি বেসরকারি হোটেলে আয়োজিত হল রোজগার মেলা।
এদিনের অনুষ্ঠানে বাংলা, বিহার, অসম ও উত্তরপ্রদেশের মোট ৮৫ জন চাকরিপ্রার্থীর হাতে রোজগার মেলার শংসাপত্র তুলে দেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান।
অনুষ্ঠান সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিরাগ পাসওয়ান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের তরুণ প্রজন্মকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, রোজগার মেলা সেই প্রতিশ্রুতি পূরণের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ।
তাঁর কথায়, এই উদ্যোগের মাধ্যমে দেশের তরুণ প্রজন্মকে একত্রিত করে ‘বিকশিত ভারত’-এর সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হচ্ছে।
নিয়োগপত্র পাওয়া তরুণ- তরুণীদের উদ্দেশে তিনি বলেন, সরকারি চাকরির এই সুযোগ শুধু তাঁদের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনবে না, দেশের উন্নয়নের ক্ষেত্রেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে।
তরুণ প্রজন্মকে সঙ্গে নিয়েই বিকশিত ভারতের স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার বার্তা দেন কেন্দ্রীয় মন্ত্রী।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একটি উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীর গ্রেপ্তারি প্রসঙ্গেও প্রতিক্রিয়া জানান চিরাগ পাসওয়ান।
তিনি বলেন, গ্রেপ্তারির বিষয়টি আইনি প্রক্রিয়ার অংশ। কেউ নির্দোষ হলে তাঁর ভয়ের কোনও কারণ নেই। তবে তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় কেউ দোষী প্রমাণিত হলে ভারতীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
রোজগার মেলার মঞ্চ থেকে একদিকে যেমন নতুন নিয়োগপ্রাপ্তদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়, অন্যদিকে তরুণ প্রজন্মকে দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত করার বার্তাও তুলে ধরেন কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী চিরাগ পাসওয়ান।












































