দার্জিলিং মোড়ে এক পাশের রাস্তা খুলল, যানজট কমাতে বড় পরিকাঠামো পরিকল্পনা!

শিলিগুড়ি: শিলিগুড়িবাসীর দীর্ঘদিনের যানজট সমস্যা কমাতে বড় পদক্ষেপ।

দার্জিলিং মোড় এলাকায় রাস্তার এক পাশের অংশ শনিবার সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হলো।

এর ফলে দার্জিলিং, কালিম্পং ও সিকিমমুখী যান চলাচলে কিছুটা স্বস্তি মিলবে বলে আশা করা হচ্ছে।

দার্জিলিং মোড় শিলিগুড়ি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগস্থল। উত্তরবঙ্গের পাহাড় ও সিকিমের সঙ্গে সমতলের যোগাযোগের ক্ষেত্রে এই রাস্তার গুরুত্ব অপরিসীম।

দীর্ঘদিন ধরেই এলাকায় যানজট নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেই পরিস্থিতি মোকাবিলায় রাস্তা সম্প্রসারণ ও বিকল্প যোগাযোগ ব্যবস্থার উপর জোর দেওয়া হচ্ছে।

এদিন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা সহ পিএইচই ও পিডব্লিউডি দপ্তরের মন্ত্রী অজয় পোদ্দার উপস্থিত ছিলেন।

জানানো হয়, বালাসন থেকে আর্মি সেবক ক্যান্টনমেন্ট পর্যন্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার রাস্তার কাজ ২০২৭ সালের মার্চের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

পাশাপাশি ভবিষ্যতের একাধিক গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্পের পরিকল্পনাও তুলে ধরা হয়।

এর মধ্যে রয়েছে শিলিগুড়ি রিং রোড, দার্জিলিংয়ের জন্য বিকল্প মহাসড়ক ও সেবক আর্মি ক্যান্টনমেন্ট থেকে করোনেশন ব্রিজ পর্যন্ত প্রায় ১৪ কিলোমিটার এলিভেটেড রোড তৈরির পরিকল্পনা।

দার্জিলিং মোড়ের রাস্তার একাংশ খুলে দেওয়ার পাশাপাশি এই প্রকল্পগুলির কাজ নির্ধারিত সময়ে শেষ হলে শিলিগুড়ি ও উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে বলে মনে করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here