আসানসোল: অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে সোমবার আসানসোল মহকুমা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন একাধিক মহিলা।
তাঁদের অভিযোগ, প্রকল্পের আওতায় থাকার পরেও জেলার বহু মহিলা এখনও সরকারি আর্থিক সহায়তা থেকে বঞ্চিত রয়েছেন।
এদিন মহকুমা শাসকের দপ্তরের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
দ্রুত সমস্যার সমাধান সহ বকেয়া টাকা প্রদানের দাবিতে সরব হন বিক্ষোভকারীরা।
বিক্ষোভের জেরে কিছুক্ষণের জন্য রাস্তা অবরোধও করা হয়।
প্রায় ২০ মিনিট ধরে রাস্তা অবরোধ থাকায় ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভকারীদের দাবি, অন্নপূর্ণা যোজনার সুবিধা পাওয়ার যোগ্য হয়েও যাঁরা এখনও টাকা পাননি, তাঁদের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।















































