তিস্তায় হস্তীশাবক উদ্ধার ও পুনর্মিলন
গজলডোবা: তিস্তা নদীর স্রোতে ভেসে যাওয়া মাত্র ৩-৪ দিনের একটি হস্তীশাবককে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দিল বন দফতর।
গজলডোবার তিস্তা ব্যারেজের উজান এলাকা থেকে ভেসে আসা শাবকটিকে প্রায় ৪ কিলোমিটার নদীতে ভাসতে দেখা যায়।
সোমবার সকালে হস্তীশাবকটি নদীতে ভেসে যাওয়ার খবর আসে বনদপ্তর এর কাছে।
খবর পেয়েই বৈকুণ্ঠপুর বন বিভাগের বিভিন্ন রেঞ্জের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
উদ্ধার অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন গজলডোবা জেএফএমসি এলাকার পাঁচ মৎস্যজীবী ও নৌকাচালক অজয় দাস, বাবলু দাস, গোপাল দাস, মিঠু দাস ও বিশ্বনাথ দাস।
তাঁদের স্থানীয় অভিজ্ঞতা, নৌকা চালানোর দক্ষতা সহ দ্রুত সহযোগিতায় নদীর মাঝখান থেকে অসহায় শাবকটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়।
এরপর বন দফতরের একাধিক রেঞ্জের কর্মীদের সমন্বয়ে শাবকটির মায়ের সন্ধান শুরু হয়।
প্রায় দু’ঘণ্টা ধরে লাগাতার প্রচেষ্টার পর গজলডোবার তিস্তা নদীর চরের কাছে হস্তীশাবকটিকে তার মায়ের সঙ্গে পুনর্মিলিত করা হয়।
মাত্র কয়েক দিনের শাবকটিকে সফলভাবে উদ্ধার করে মায়ের কাছে ফিরিয়ে দেওয়ায় স্বস্তি বনকর্মী থেকে শুরু করে স্থানীয়দের মধ্যে।
বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই উদ্ধার ও পুনর্মিলন অভিযানে বনকর্মীদের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীদের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।
তাঁদের সময়োচিত উদ্যোগ ও সাহসিকতার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানানো হয়েছে।
বৈকুণ্ঠপুর বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যপ্রাণ সংরক্ষণে বন দফতর ও স্থানীয় মানুষের এই ধরনের সমন্বিত উদ্যোগ আগামী দিনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।















































