বেকারিতে দুষ্কৃতীদের হামলা রুখতে গিয়ে খুন ম্যানেজার, রক্তাক্ত দেহ উদ্ধার!

ক্যাশ কাউন্টার ভাঙা, টাকা উধাও; সিসিটিভির হার্ডডিস্ক উদ্ধার করে তদন্তে পুলিশ

জলপাইগুড়ি: ব্যবসা প্রতিষ্ঠানে দুষ্কৃতীদের হামলা রুখতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে খুন হলেন এক বেকারির ম্যানেজার।

জলপাইগুড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের রেসকোর্স পাড়া নয়াবস্তি এলাকায় একটি বেকারির ভিতর থেকে তাঁর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম হাফিজুল রহমান (৬০)। তিনি হুগলি জেলার বাসিন্দা ছিলেন ও ওই বেকারিতে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।

অভিযোগ, রাতে দুষ্কৃতীরা বেকারিতে ঢুকে হামলা চালায়। সেই সময় তাদের বাধা দিতে গেলে হাফিজুল রহমানের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে।

ঘটনার পর বেকারির ভিতরেই তাঁর রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। পাশাপাশি বেকারির ক্যাশ কাউন্টার ভাঙা অবস্থায় উদ্ধার হয়েছে। ক্যাশে থাকা টাকা নিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে বলেও অভিযোগ।

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ।

বেকারির ভিতর থেকে সিসিটিভি ক্যামেরার হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে। সেটি খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনাস্থল থেকে অন্যান্য তথ্য ও প্রমাণও সংগ্রহ করছেন তদন্তকারীরা।

খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। একইসঙ্গে বেকারির কর্মীদের মধ্যেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

কী কারণে এই হামলা ও খুন, ঘটনায় একাধিক ব্যক্তি জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here