অনুমোদনহীন তিনতলা বাড়িতে বুলডোজার, কড়া পদক্ষেপ পুরনিগমের
শিলিগুড়ি: অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পুরনিগম।
শিলিগুড়ির ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরের ১ নম্বর গলিতে ভেস্টেড জমিতে বসবাস ও অনুমোদিত নকশা ছাড়াই তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগে অভিযান চালায় পুরনিগম।
পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ওই নির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল।
নির্মাণ বন্ধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছিল।
এর আগে ড্রেনের উপর বেআইনিভাবে নির্মাণ করা অংশের একাংশ ভেঙে দিয়েছিল পুরনিগম।
তবে পুরনিগমের নির্দেশের পরও নির্মাণকাজ বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ফের অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে সুরেন্দ্র সাহানি নামে এক ব্যক্তির ওই বাড়ির নির্মাণ ভেঙে ফেলা হয়।
পুরনিগমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অনুমোদনহীন নির্মাণ ও সরকারি পরিকাঠামোর উপর বেআইনি দখলের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।















































