শিলিগুড়িতে বহুতলে আগুন, অল্পের জন্য রক্ষা, অচেতন অবস্থায় উদ্ধার মহিলা

শিলিগুড়ি: অগ্নিকাণ্ডের ঘটনা ভক্তিনগর থানা এলাকার ৪২ নম্বর ওয়ার্ডে ভক্তিনগর থানার ঠিক পিছনে সাওয়ারবোপল্লির সঙ্গম কমপ্লেক্সে হঠাৎই আগুন লাগে। কমপ্লেক্সের ব্লক ডি-র তৃতীয় তলার একটি আবাসনে আগুন ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়।

বহুতল আবাসনে আগুন লাগার ফলে মুহূর্তের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা তলা। আশপাশের ফ্ল্যাটের বাসিন্দারা আতঙ্কে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনী। দমকলের একটি ইঞ্জিনের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে ও বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

আগুন নেভানোর সময় ওই ফ্ল্যাটের ভিতর থেকে এক মহিলাকে অচেতন অবস্থায় উদ্ধার করেন দমকলকর্মীরা। ধোঁয়ায় শ্বাসকষ্টজনিত কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন বলে অনুমান। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে ও চিকিৎসা চলছে।

অগ্নিকাণ্ডের জেরে ফ্ল্যাটের একটি অংশে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পুড়ে যায় আসবাবপত্র ও গৃহস্থালির একাধিক সামগ্রী। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও খতিয়ে দেখা হচ্ছে। দমকল সূত্রে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ঘটনার তদন্ত শুরু করেছে দমকল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here