কটূক্তি ঘিরে উত্তেজনা, প্রতিবাদ করতেই রক্তাক্ত যুবক – ভাঙা বোতল হামলার অভিযোগ

কটূক্তি ঘিরে উত্তেজনা, প্রতিবাদ করতেই রক্তাক্ত যুবক – ভাঙা বোতল হামলার অভিযোগ

শিলিগুড়ি: মহিলাদের উদ্দেশে লাগাতার কটূক্তিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল শিলিগুড়ির ৩৪ নম্বর ওয়ার্ডের শহীদ কলোনি এলাকা।

প্রতিবাদ করতেই ভাঙা কাঁচের বোতল দিয়ে এক যুবকের উপর হামলার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবকের বিরুদ্ধে।

আহত বিদ্যুৎ দে বর্তমানে একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন।

পরিবার সূত্রে অভিযোগ, অভিযুক্ত তিলশঙ্কর মুখিয়ে দীর্ঘদিন ধরেই তাদের বাড়ির মহিলাদের উদ্দেশে অশালীন মন্তব্য করে আসছিল।

শুক্রবার বিষয়টি চরমে ওঠে, যখন সন্ধ্যায় কাজ থেকে ফিরে বিদ্যুৎ প্রতিবাদ জানায়।

অভিযোগ, সেই সময় আচমকাই পরিস্থিতি হিংসাত্মক রূপ নেয় ও তিলশঙ্কর একটি কাঁচের বোতল ভেঙে বিদ্যুতের উপর হামলা চালায়। গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

পরিবারের দাবি, এটি প্রথম ঘটনা নয়। এর আগেও অভিযুক্ত একাধিকবার হুমকি ও হামলার চেষ্টা করেছে। এমনকি আগেও থানায় অভিযোগ জানানো হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি বলে অভিযোগ তাদের।

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্তের বিরুদ্ধে আগেই কঠোর ব্যবস্থা নেওয়া হলে এ ধরনের ঘটনা এড়ানো যেত।

খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়।

তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়েছে কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।

ঘটনার জেরে এলাকায় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here