শিলিগুড়িতে আটকে পড়লেন আসামের ২৪ বাসযাত্রী
শিলিগুড়ি: দূরপাল্লার বাসযাত্রায় বড়সড় প্রতারণার অভিযোগে চাঞ্চল্য ছড়াল শিলিগুড়িতে।
আসামের তেজপুরগামী ২৪ জন যাত্রীকে নির্ধারিত গন্তব্যে না পৌঁছে শহরের তেনজিং নোরগে বাসস্ট্যান্ড এলাকায় মাঝপথেই নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাসচালকের বিরুদ্ধে।
জানা গিয়েছে, চলতি মাসের ১ তারিখে বেঙ্গালুরু থেকে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেন যাত্রীরা।
প্রত্যেকের কাছ থেকে ৬১০০ টাকা করে ভাড়া নেওয়া হয়। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর আগেই শিলিগুড়িতে তাদের নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
যাত্রীদের দাবি, নামিয়ে দেওয়ার পর চালক মাত্র ৭০০ টাকা করে ফেরত দেন। ফলে একদিকে বড় অঙ্কের আর্থিক ক্ষতি, অন্যদিকে অচেনা শহরে হঠাৎ আটকে পড়ে চরম ভোগান্তির শিকার হন তাঁরা।
কোথায় যাবেন বা কীভাবে গন্তব্যে পৌঁছবেন, তা নিয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন সকলেই।
এই পরিস্থিতিতে মানবিকতার নজির গড়ে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা।
তাঁদের সহায়তায় যাত্রীরা পরে অন্য বাসের টিকিট কেটে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেন।
স্থানীয় বাসিন্দা মুন্না চৌধুরী জানান, বাসচালক ও যাত্রীদের মধ্যে বচসার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছে সাহায্য করেন।
ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ সূত্রে খবর, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এই ঘটনার পর যাত্রী নিরাপত্তা ও দূরপাল্লার বাস পরিষেবার নির্ভরযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।













































