‘এক ছাতা, এক নিশান, এক বিধান’ ঐক্যের ডাক, দার্জিলিংয়ে ক্ষত্রিয় সমিতির জেলা কার্যালয়ের উদ্বোধন
মাটিগাড়া: বিধানসভা নির্বাচনের আবহে উত্তরবঙ্গের রাজবংশী ও কামতাপুরি জনজাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল ক্ষত্রিয় সমিতি।
শনিবার শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ার পাথরঘাটা এলাকার বীর চিলা রায় মোড়ের কাছে সংগঠনের দার্জিলিং জেলা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
‘এক ছাতা, এক নিশান, এক বিধান’ এই স্লোগানকে সামনে রেখেই নতুন কার্যালয়ের পথচলা শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত নেতৃত্ব জনজাতির সার্বিক স্বার্থরক্ষায় একজোট হওয়ার বার্তা দেন।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজবংশী ও কামতাপুরি মানুষের সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নই তাদের মূল লক্ষ্য।
রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হলেও জাতিগত স্বার্থে সবাইকে এক ছাতার তলায় আনার ওপর জোর দেওয়া হচ্ছে।
পাশাপাশি কামতাপুরি ও রাজবংশী ভাষাভাষী মানুষের অধিকার ও স্বতন্ত্র পরিচয় রক্ষায় সোচ্চার হওয়ার কথাও জানানো হয়।
সমিতির সদস্যদের মতে, ‘এক ছাতা, এক নিশান, এক বিধান’ শুধু একটি স্লোগান নয়, বরং দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ঐক্যের প্রতীক।
তাদের অভিযোগ, রাজনৈতিক বিভাজনের কারণে এই জনজাতির উন্নয়ন বারবার বাধাগ্রস্ত হয়েছে। তাই নির্বাচনের আগে এই কার্যালয় উদ্বোধনের মাধ্যমে স্পষ্ট বার্তা দিতে চায় সংগঠন সামাজিক ও জাতিগত প্রশ্নে তারা আপসহীন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সম্পাদক প্রেমানন্দ অধিকারি, শিলিগুড়ি-দার্জিলিং জেলা সভাপতি জয় চন্দ্র রায়, জেলা সহ-সভাপতি খগেশ্বর রায় সহ সংগঠনের অন্যান্য সদস্যরা।













































