শিলিগুড়ি: ভোট প্রচারকে কেন্দ্র করে তরাই তারাপদ স্কুলের মাঠের বেহাল পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
মাঠের অবস্থা দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করলেন সিপিআইএম প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।
তিনি জানিয়েছেন, পুরো বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করবেন।
জানা গিয়েছে, তৃণমূল কংগ্রেসের শিলিগুড়ির প্রার্থী গৌতম দেবের সমর্থনে ভোট প্রচারে ওই মাঠে সভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সেই সভাকে ঘিরেই তৈরি হয়েছে বিতর্ক।
এদিন সকালে একই মাঠে প্রচারে এসে শরদিন্দু চক্রবর্তী প্রাতঃভ্রমণে আসা স্থানীয় মানুষের কাছ থেকে মাঠের দুরবস্থার কথা শোনেন।
এরপর তিনি নিজে মাঠের বিভিন্ন অংশ ঘুরে দেখেন ও সাংবাদিকদের সামনে তুলে ধরেন বাস্তব চিত্র।
শরদিন্দু চক্রবর্তী অভিযোগ করেন, একটি সরকারি স্কুলের মাঠে কীভাবে তৃণমূল প্রার্থীর বড় বড় ফ্লেক্স লাগানো হল, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
পাশাপাশি তিনি জানান, শহরে যেখানে খেলার মাঠের অভাব রয়েছে, সেখানে ভোট প্রচারের নামে মাঠের এমন ক্ষতি অত্যন্ত দুঃখজনক।
অভিযোগ, সভার জন্য মূল মঞ্চের পিছনে মাঠের মাঝে বড় বড় গর্ত করে অস্থায়ী শৌচালয় তৈরি করা হয়েছে। এছাড়াও গোটা মাঠ জুড়ে খুঁটি পোঁতার জন্য একাধিক গর্ত করা হয়েছে, যার ফলে মাঠটি এখন প্রায় অচল অবস্থায়।
এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের ‘সংস্কৃতি’ বলে কটাক্ষ করে সিপিআইএম প্রার্থী জানান, তিনি শীঘ্রই স্কুল কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে অভিযোগ জানাবেন ও বিষয়টির যথাযথ তদন্ত দাবি করবেন।












































