নর্দমার পাশে জল, অসমাপ্ত রাস্তা – ৫ নম্বর ওয়ার্ডে ক্ষোভ উসকে প্রচারে শংকর ঘোষ
শিলিগুড়ি: শিলিগুড়ি পুরনিগমের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচারে নেমে একাধিক নাগরিক সমস্যাকে সামনে আনলেন বিজেপি প্রার্থী শংকর ঘোষ।
প্রচারের মাঝেই বারবার থেমে স্থানীয় সমস্যার চিত্র তুলে ধরতে দেখা যায় তাকে।
এদিন এলাকায় ঘুরে তিনি অভিযোগ করেন, কোথাও করপোরেশনের জলের পাইপ নর্দমার পাশেই বসানো রয়েছে, ফলে সেখান থেকেই জল সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
পাশাপাশি, প্রায় চার মাস আগে রাস্তার শিলান্যাস হলেও এখনও কাজ শুরু না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
শংকর ঘোষের দাবি, শাসকদল উন্নয়নের কথা বললেও সেই উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছায়নি।
তাঁর কথায়, “উন্নয়ন হয়েছে ঠিকই, তবে তা কিছু নির্দিষ্ট মানুষের। কারও গাড়ি হয়েছে, কারও বাড়ি হয়েছে, কারও সম্পত্তি বেড়েছে।”
এছাড়াও, বিরোধীদের কাজ করতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন তিনি।
মেয়রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে শংকর ঘোষ বলেন, “মেয়র সাহেব দাবি করছেন একটি সংস্থার মাধ্যমে কাজ হচ্ছে।
আমি নির্বাচন কমিশনে গিয়ে জানতে চাইব, সেই চুক্তি কার সঙ্গে হয়েছে ও তা প্রকাশ করা হোক।”
নির্বাচনের মুখে এমন অভিযোগকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে মনে করছে রাজনৈতিক মহল।












































