শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শেষ পর্যায়ের প্রচারে জোর কদমে নেমেছে রাজনৈতিক দলগুলি।
এরই মধ্যে শনিবার শিলিগুড়ি বিজেপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে ইস্তেহার প্রকাশ করল ভারতীয় জনতা পার্টি।
এদিন এক সাংবাদিক বৈঠকে বিজেপি প্রার্থী শংকর ঘোষ শহরের উন্নয়ন সংক্রান্ত একাধিক পরিকল্পনার রূপরেখা তুলে ধরেন।
তিনি জানান, আগামী দিনে শিলিগুড়ির পরিকাঠামো উন্নয়ন, যানজট নিরসন, পানীয় জল ও নিকাশি ব্যবস্থার আধুনিকীকরণ সহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করার লক্ষ্য নিয়েই এই ইস্তেহার তৈরি করা হয়েছে।
পাশাপাশি নাগরিক পরিষেবা আরও উন্নত ও স্বচ্ছ করার প্রতিশ্রুতিও দেন তিনি।
সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন শিলিগুড়ির বিজেপি কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্বরা।
তাঁদের বক্তব্যে উঠে আসে, এই ইস্তেহার বাস্তবায়িত হলে শহরের সামগ্রিক উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।
অন্যদিকে, এদিনের সভায় সামাজিক সংগঠনের সদস্য মনোজ শর্মা আনুষ্ঠানিকভাবে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন।
বিজেপি প্রার্থী শংকর ঘোষের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি দলের প্রতি নিজের সমর্থন জানান।
নির্বাচনের প্রাক্কালে এই ইস্তেহার প্রকাশ ও নতুন সদস্য যোগদানকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা।












































