শিলিগুড়ি: রবিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারে নামলেন সিপিআই(এম) প্রার্থী শরদিন্দু চক্রবর্তী।
এদিন দলীয় কর্মী-সমর্থকদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় প্রচার সারেন তিনি।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বর্ষীয়ান বাম নেতা জিবেশ সরকার।
দলীয় প্রতীক, লাল পতাকা, লাল বেলুন ও ঢাকের আওয়াজে মুখরিত হয়ে ওঠে শোভাযাত্রা।
প্রচারে উৎসাহ ছিল চোখে পড়ার মতো।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শরদিন্দু চক্রবর্তী জানান, এবারের নির্বাচনে তিনি বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন।
তাঁর কথায়, শুধু বামপন্থী সমর্থকরাই নন, অন্যান্য রাজনৈতিক দলের একাংশের সমর্থনও তাঁর দিকে আসছে বলে তিনি আশাবাদী।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যেও তাঁর প্রতি আগ্রহ ও সমর্থন বাড়ছে।
মানুষের আস্থা আবারও বামপন্থীদের দিকেই ফিরছে বলেও দাবি করেন তিনি।
বিধানসভা নির্বাচনে এই জনসমর্থনই তাঁকে এগিয়ে নিয়ে যাবে বলে আশাবাদী সিপিআই(এম) প্রার্থী।












































