‘মাসে ৩ হাজার টাকার’ ফর্ম বিতরণ ঘিরে উ*ত্তেজনা, অ*ভিযুক্ত আ*ট*ক!

শিলিগুড়ি: শিলিগুড়ি সংলগ্ন ঠাকুরনগর এলাকায় নির্বাচনী বিধি লঙ্ঘনের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ উঠেছে, বিজেপির তরফে মাসে তিন হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ফর্ম বিলি করা হচ্ছিল, যা ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

ঘটনাটি ঘটে ঠাকুরনগরের জাবরা ভিটা স্কুল সংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কার্তিক কবিরাজ নামে এক ব্যক্তি বাড়ি বাড়ি গিয়ে মহিলাদের হাতে একটি ফর্ম তুলে দিচ্ছিলেন ও দাবি করছিলেন, বিজেপি সরকার গঠন হলে প্রতি মাসে তিন হাজার টাকা করে দেওয়া হবে।

এই ঘটনাকে ঘিরেই আপত্তি তোলে তৃণমূল কংগ্রেসের কর্মীরা।

অভিযোগ, বিষয়টি নজরে আসতেই তৃণমূল কর্মীরা ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন, যার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত কার্তিক কবিরাজকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।

এই প্রসঙ্গে জয় হিন্দ বাহিনীর ব্লক সভাপতি রাজেশ ঘোষ জানান, “নির্বাচনী বিধি মেনে আমরা ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে চাই।

ভোটের সময় সাধারণ মানুষকে প্রলোভন দেখানো আইনত অপরাধ। তাই আমরা আইনি পদক্ষেপ নিচ্ছি।”

যদিও এই অভিযোগের বিষয়ে বিজেপির পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ঘটনার জেরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here