বিজেপি নেতার বাড়ির উঠোনে তাজা বোমা উদ্ধার, তীব্র চাঞ্চল্য
কোচবিহার: সাতসকালে বাড়ির উঠোন থেকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল কোচবিহার জেলার নাটাবাড়ি বিধানসভার অন্তর্গত নাটাবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের চাড়ালজানি এলাকায়।
ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনার পারদ চড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেতা তথা শক্তি প্রমুখ কৌশিক দাসের বাড়ির উঠোনেই বোমাটি পড়ে থাকতে দেখা যায়।
সোমবার সকালে প্রতিদিনের মতো ঘুম থেকে উঠে বাড়ির কাজে বের হন কৌশিক দাসের মা।
সেই সময়ই তিনি উঠোনের মাঝখানে একটি তাজা বোমা পড়ে থাকতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হতেই এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় তুফানগঞ্জ থানার পুলিশ।
পুলিশ গোটা এলাকা ঘিরে ফেলে ও অত্যন্ত সতর্কতার সঙ্গে বোমাটি উদ্ধার করে নিয়ে যায়।
জনবসতিপূর্ণ এলাকায় এমন ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে।
এই ঘটনায় বিজেপির তরফে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে।
যদিও তৃণমূলের পক্ষ থেকে সেই অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করা হয়েছে।
তাদের দাবি, এটি বিজেপির সাজানো ঘটনা ও এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই।
বোমাটি কোথা থেকে এলো ও কারা এটি সেখানে রেখে গেল, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।














































