ভোট প্রস্তুতি খতিয়ে দেখতে মুখ্য নির্বাচন আধিকারিক মনোজ আগরওয়াল, কড়া নিরাপত্তার আশ্বাস!

মালদা: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রস্তুতি পর্যালোচনায় মনোজ আগরওয়াল পৌঁছালেন মালদহ।

জেলা প্রশাসনিক ভবনে পৌঁছে তিনি জেলা প্রশাসন, পুলিশ ও বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করেন।

এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পুলিশ পর্যবেক্ষক হিমাংশু কুমার লাল, জেলার জেলাশাসক ও পুলিশ সুপার সহ অন্যান্য আধিকারিকরা।

পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী ও নেতৃত্বের সঙ্গেও আলাদা করে আলোচনা করেন তিনি।

বৈঠক শেষে নির্বাচন সংক্রান্ত কন্ট্রোল রুম পরিদর্শন করেন মুখ্য নির্বাচন আধিকারিক।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, প্রতিটি পোলিং বুথের ১০০ মিটারের মধ্যে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

বৈধ ভোটার ছাড়া কেউ বুথে প্রবেশ করতে পারবে না, ও যাদের কাছে রিটার্নিং অফিসারের (RO) অনুমোদনপত্র নেই, তাদের প্রবেশ নিষিদ্ধ থাকবে।

তিনি আরও জানান, সংবেদনশীল এলাকাগুলিতে কেন্দ্রীয় বাহিনী (CAPF) মোতায়েন থাকবে ও প্রয়োজনে ম্যাজিস্ট্রেট দ্রুত ঘটনাস্থলে পৌঁছাবে।

রাজ্য পুলিশ আইন-শৃঙ্খলা বজায় রাখার দায়িত্বে থাকবে।

ওসি স্তরের কিছু আধিকারিকের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে বলেও জানান তিনি।

ইতিমধ্যে কয়েকজনকে সাসপেন্ড করা হয়েছে ও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। “আইনের ঊর্ধ্বে কেউ নয়,” স্পষ্ট বার্তা দেন তিনি।

নির্বাচন প্রক্রিয়াকে স্বচ্ছ রাখতে ইতিমধ্যে পোস্টাল ব্যালট চালু হয়েছে ও সরকারি কর্মচারীদের ভোটদান নিশ্চিত করা হবে।

প্রতিটি বিধানসভা কেন্দ্রে নজরদারির জন্য বিশেষ টিম গঠন করা হয়েছে, যারা নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট জমা দেবে।

নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে তিনটি স্তরে সিসিটিভি নজরদারি চালু করা হয়েছে RO অফিস, DO অফিস সহ CEO অফিসে। প্রতিটি বুথেও নজরদারি থাকবে ও কোনো অশান্তি দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

গুরুত্বপূর্ণভাবে জানানো হয়েছে, এবারের নির্বাচনে সিভিক ভলেন্টিয়ারদের কোনো ধরনের নির্বাচনী ডিউটিতে রাখা হবে না।

সব মিলিয়ে, প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে এবারের নির্বাচন হবে সম্পূর্ণ শান্তিপূর্ণ, স্বচ্ছ ও কড়া নিরাপত্তার মধ্যে।

ভোটারদের নির্ভয়ে ভোটদানে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here