মন্দিরে পুজোর সময় দুঃসাহসিক ছি*নতাই, সোনার চেন ছিনিয়ে চ*ম্পট দুই যুবক!

শিলিগুড়ি: সোমবার সকালে শিলিগুড়ির সুভাষপল্লীর ১৯ নম্বর ওয়ার্ডে এক দুঃসাহসিক ছিনতাইয়ের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।

অভিযোগ, সুকুমার রায় রোড এলাকার একটি লোকনাথ ঠাকুরের মন্দিরে এই ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা সর্বাণী পাল জানান, প্রতিদিনের মতো এদিন সকালেও তিনি মন্দিরে পুজোর প্রস্তুতি নিচ্ছিলেন।

সেই সময় একটি দামী মোটরসাইকেলে করে দুই যুবক মন্দিরের সামনে এসে দাঁড়ায়।

তাদের মধ্যে একজন মন্দিরের ভিতরে প্রবেশ করে তাঁকে জিজ্ঞেস করে এটি লক্ষ্মী মন্দির কি না। উত্তরে তিনি জানান, এটি লক্ষ্মী মন্দির নয়, লোকনাথ বাবার মন্দির।

এরপর ওই যুবক পকেট থেকে একটি ছেঁড়া দশ টাকার নোট বের করে ঠাকুরের উদ্দেশ্যে দিতে গেলে সর্বাণী দেবী আপত্তি জানান ও সেটি ফিরিয়ে নিতে বলেন।

অভিযোগ, এরপরই আচমকা পরিস্থিতি বদলে যায়। যুবকটি নোটটি পকেটে রেখে একটি কয়েন বের করার ভান করে হঠাৎই সর্বাণী পালের গলা থেকে একটি মোটা সোনার চেন টেনে নিয়ে দ্রুত বাইরে বেরিয়ে যায় ও মোটরসাইকেলে থাকা সঙ্গীর সঙ্গে চম্পট দেয়।

ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শিলিগুড়ি থানার পুলিশ ও তদন্ত শুরু করে।

ওয়ার্ড কাউন্সিলর মৌসুমী হাজরা জানান, এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গেছে অভিযুক্ত দুই যুবক মোটরসাইকেলে করে মন্দিরের দিকে যাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ইতিমধ্যেই অভিযুক্তদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে ও খুব শীঘ্রই তাদের গ্রেফতার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here