ভোটে হিংসা রুখতে কমিশনের কড়া পদক্ষেপ, প্রথমবার আধাসেনার জন্য প্রায় এক লক্ষ বাইক!

কলকাতা: বিধানসভা নির্বাচনকে সম্পূর্ণ হিংসামুক্ত করতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ নিল নির্বাচন কমিশন।

সূত্রের খবর, এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় বাহিনীকে দ্রুত গতিতে এলাকায় পৌঁছে দিতে প্রায় এক লক্ষ বাইক ভাড়া নেওয়া হচ্ছে।

জানা গেছে, ভোটের দিন শহর থেকে গ্রাম ও গলিঘুঁজি এলাকায় দ্রুত টহল দেওয়ার জন্য এই বাইক বাহিনী ব্যবহার করা হবে।

যেখানে চারচাকা গাড়ি পৌঁছতে দেরি হয়, সেখানে এই ব্যবস্থা অনেকটাই কার্যকর হবে বলে মনে করছে কমিশন।

বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি ও উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো সংবেদনশীল জেলাগুলিতে এই বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

শুধু টহলই নয়, ভোটের দিন বা তার পরে কোনও অশান্তি তৈরি হলে দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার জন্য এয়ার অ্যাম্বুল্যান্সও প্রস্তুত রাখা হয়েছে।

ইতিমধ্যেই একটি মালদায় পৌঁছেছে ও আরও একটি আনা হচ্ছে গুজরাট থেকে।

কমিশনের তরফে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে “জিরো টলারেন্স অন ভায়োলেন্স”।

কেন্দ্রীয় বাহিনীকে এবার অনেকটাই স্বাধীনভাবে কাজ করার ছাড় দেওয়া হয়েছে।

প্রয়োজনে রাজ্য পুলিশের অনুমতি ছাড়াই তারা যে কোনও জায়গায় পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবে।

প্রথম দফার ভোটের আগেই প্রায় ২৪০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে।

সব মিলিয়ে কমিশনের এই কড়া প্রস্তুতি স্পষ্ট করে দিচ্ছে, এবারের লক্ষ্য একটাই শান্তিপূর্ণ ও সন্ত্রাসমুক্ত নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here