শিলিগুড়ি: বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিলিগুড়ি কলেজ ময়দানে স্থাপিত ডি.সি-আর.সি (ডিস্ট্রিবিউশন ও রিসিভিং সেন্টার) সেন্টারে সকাল থেকেই চোখে পড়ছে ভোটকর্মীদের ব্যাপক ভিড়।
নির্দিষ্ট ভোটকেন্দ্রে রওনা দেওয়ার আগে সকলেই শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত হয়ে পড়েছেন।
ইভিএম, ভিভিপ্যাট সহ প্রয়োজনীয় ভোটগ্রহণ সামগ্রী গ্রহণের পাশাপাশি নির্বাচন কমিশনের নির্ধারিত নির্দেশিকা মনোযোগ সহকারে বুঝে নিচ্ছেন ভোটকর্মীরা। কোনও রকম ত্রুটি এড়াতে প্রতিটি ধাপে সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে তাদের।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোটকর্মীদের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থাও রাখা হয়েছে, যাতে নির্দিষ্ট সময়ে সবাই নিজ নিজ বুথে পৌঁছে যেতে পারেন।
সব মিলিয়ে ভোটের আগে শিলিগুড়ি কলেজ ময়দান এলাকা এখন প্রশাসনিক তৎপরতায় সরগরম।













































