তৃণমূলের বিপর্যয়ের দায় অভিষেকের, দল ‘কর্পোরেট হাউস’-এ পরিণত – বিস্ফোরক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী
মালদা: তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলীয় অন্দরে শুরু হয়েছে তীব্র আত্মসমালোচনা ও দোষারোপের পালা।
এবার সরাসরি দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা ইংরেজবাজার পুরসভার পৌরপ্রধান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।
তাঁর দাবি, দলের এই বিপর্যয়ের জন্য মূলত দায়ী অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি দলকে “কর্পোরেট হাউস”-এ পরিণত করেছে।
কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছে।
৪১ বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়-র সঙ্গে আছি।
কিন্তু এই পরিস্থিতি কখনও কল্পনা করিনি।” আরও অভিযোগ করেন, দলের ভিতরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে ও সাধারণ কর্মীদের মতামত গুরুত্ব পাচ্ছে না।
তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত “ধৃতরাষ্ট্রের মতো আটকে রাখা হয়েছিল” ও তাঁর কাছে একাধিকবার অভিযোগ জানানো হলেও তেমন কোনও পদক্ষেপ হয়নি।
“দিদিকে বারবার জানিয়েছি, কিন্তু তিনি বলেছেন – একসঙ্গে কাজ করো, আমি দেখছি,” বলেন তিনি।
তবে হতাশার মাঝেও আশার সুর শোনান তৃণমূলের এই প্রবীণ নেতা।
তাঁর কথায়, “দল কখনও শেষ হয় না, কিছু ব্যক্তি শেষ হয়ে যায়। ঠিকভাবে কাজ করলে দল আবার ঘুরে দাঁড়াবে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আমরা আবার ক্ষমতায় ফিরতে পারি।”
ইংরেজবাজার কেন্দ্র নিয়ে তিনি বলেন, “আমি এবার প্রার্থী হতে চাইনি। গত তিনবারের ফল দেখেছি এখানে যতই লড়াই করি, শেষ পর্যন্ত হারতে হয়।”
সবশেষে তিনি স্পষ্ট বার্তা দেন, “আমরা চাই তৃণমূল আবার মানুষের জন্য কাজ করুক। দালালদের হাতে দল যেন না থাকে।”











































