শিক্ষাঙ্গনে রাজনৈতিক প্রভাব নয়, অবিলম্বে ছাত্রভোটের দাবি – এবিভিপি-র সাংবাদিক বৈঠক
শিলিগুড়ি: শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক রংয়ের বিরোধিতা করে ছাত্রভোট চালুর দাবিতে সরব হল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)।
শিলিগুড়ির বাবুপাড়ার বিদ্যার্থী কল্যাণ ভবনে বুধবার এক সাংবাদিক বৈঠক করে সংগঠনটি।
এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন এবিভিপি-র রাষ্ট্রীয় কার্যকরিণী সদস্য পূজা রাম ও প্রদেশ সম্পাদক দীপ দত্ত।
শিক্ষাঙ্গনের বর্তমান পরিস্থিতি ও আগামী দিনের কর্মসূচি নিয়েই মূলত আলোচনা হয়।
এবিভিপি-র পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধরনের রাজনৈতিক প্রভাব বা রং বরদাস্ত করা হবে না।
তাদের মতে, ছাত্রদের স্বার্থই সর্বাগ্রে, তাই শিক্ষাঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা অত্যন্ত জরুরি।
সরকার পরিবর্তনের প্রেক্ষিতে সংগঠনের তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হবে। রাজ্যের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করতেই এই উদ্যোগ বলে জানান নেতৃত্ব।
এর পাশাপাশি, কলেজগুলিতে অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন করার দাবিও জোরালোভাবে তোলা হয়।
এবিভিপি-র দাবি, গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রদের ভোটের মাধ্যমে প্রতিনিধি নির্বাচন করা হোক, যাতে ছাত্রছাত্রীরাই নিজেদের নেতৃত্ব বেছে নিতে পারেন।
একই সঙ্গে শিক্ষাঙ্গনে কোনও রকম অত্যাচার বা দাদাগিরি বরদাস্ত করা হবে না বলেও কড়া বার্তা দেয় সংগঠন।
ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও স্বচ্ছ পরিবেশ নিশ্চিত করতে এবিভিপি সর্বদা সরব থাকবে বলে জানানো হয়েছে।












































