শিলিগুড়ি: নিউ জলপাইগুড়ি স্টেশন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে সিন্ডিকেট রাজের অভিযোগকে সামনে রেখে বৃহস্পতিবার সচেতনতা কর্মসূচি পালন করল বিজেপি।
এদিন স্টেশন চত্বরে বিজেপি কর্মী ও সমর্থকেরা উপস্থিত হয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সিন্ডিকেটের বিরুদ্ধে সরব হন।
বিজেপির দাবি, স্টেশন সংলগ্ন এলাকায় বিভিন্ন পরিষেবা ও ব্যবসার ক্ষেত্রে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রভাব ক্রমশ বাড়ছে।
এর ফলে সাধারণ মানুষ ও ছোট ব্যবসায়ীদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে।
অভিযোগ, বহু ক্ষেত্রে মানুষকে জোর করে নির্দিষ্ট গোষ্ঠীর কাছ থেকেই পরিষেবা নিতে বাধ্য করা হচ্ছে, যার কারণে অতিরিক্ত আর্থিক চাপও বাড়ছে।
এদিনের কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতৃত্ব জানান, সাধারণ মানুষকে নিজেদের অধিকার সম্পর্কে সচেতন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
পাশাপাশি, কোনো ধরনের জোরজবরদস্তি বা সিন্ডিকেটের চাপের বিরুদ্ধে প্রতিবাদ করার আহ্বানও জানানো হয়।
বিজেপির পক্ষ থেকে প্রশাসনের কাছেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার দাবি জানানো হয়েছে।
এদিন স্টেশন চত্বরে পথচলতি বহু মানুষও নিজেদের অভিজ্ঞতা ও সমস্যার কথা তুলে ধরেন বলে দাবি বিজেপি নেতৃত্বের।
দলের তরফে জানানো হয়েছে, আগামী দিনেও এই ধরনের সচেতনতা কর্মসূচি চলবে ও মানুষের স্বার্থে আন্দোলন জারি রাখা হবে।













































