“মাছ-ভাত বন্ধ নয়, উন্নয়নের বার্তা” – শুভেন্দুর শপথের আগেই শিলিগুড়িতে বিজেপির অভিনব উদ্যোগ
শিলিগুড়ি: রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী-র নাম ঘোষণার পর থেকেই রাজ্যজুড়ে উৎসবের আবহ তৈরি হয়েছে।
আগামীকাল তাঁর শপথ গ্রহণের আগেই শুক্রবার শিলিগুড়ির ৪৬ নম্বর ওয়ার্ডের গণেশ ঘোষ কলোনিতে মাছ – ভাত খাওয়ানোর বিশেষ আয়োজন করল বিজেপির ১ নম্বর মণ্ডল এরিয়া কমিটি।
বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস প্রচার করেছিল যে বিজেপি ক্ষমতায় এলে রাজ্যে মাছ- মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে।
সেই দাবিকে “সম্পূর্ণ ভুয়ো” প্রমাণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিন এলাকার বহু মানুষকে মাছ-ভাত পরিবেশন করা হয়।
বিজেপির ১ নম্বর এরিয়া কমিটির সভাপতি অনুপ শ্রীবাস্তব বলেন, “তৃণমূল কংগ্রেস মানুষের মধ্যে ভুল বার্তা ছড়িয়েছিল।
বিজেপি কখনও মানুষের খাবারের উপর হস্তক্ষেপ করবে না।
রাজ্যজুড়ে মাছ-মাংস খাওয়া যেমন চলবে, তেমনই উন্নয়নের নতুন দিশাও দেখা যাবে।”
তিনি আরও জানান, শুভেন্দু অধিকারী-র নেতৃত্বে আগামী দিনে পশ্চিমবঙ্গে উন্নয়নের নতুন অধ্যায় শুরু হবে বলেই তাঁদের বিশ্বাস।
সেই আনন্দ ও শুভেচ্ছার অংশ হিসেবেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিবা সাহা, ভিকি সিংহ- সহ বিজেপির একাধিক কর্মী ও সমর্থক।
এলাকায় এই অভিনব উদ্যোগ ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন চর্চা।











































