শিলিগুড়ি: সেবক রোডের সোনা ছাউনি থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় জেলবন্দি এক যুবককে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।
ধৃতের নাম রাকেশ মিস্ত্রি (৩০)। শিলিগুড়ির খোলাচাঁদ ফাফরি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর, ফেব্রুয়ারি মাসে সেবক রোডের এক সেনা ছাউনি থেকে একটি মোটরসাইকেল চুরি হয়।
ঘটনার তদন্তে নেমে ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ একাধিক সোর্সকে কাজে লাগিয়ে জানতে পারে, এই চুরির ঘটনায় জড়িত রয়েছে রাকেশ মিস্ত্রি।
এরপর পুলিশ রাকেশের খোঁজ শুরু করলে জানতে পারে, শিলিগুড়ি থানার একটি ডাকাতির মামলায় সে বর্তমানে শিলিগুড়ি শোধনাগারে রয়েছে।
পরে জলপাইগুড়ি আদালতের অনুমতি নিয়ে ভক্তিনগর থানার পুলিশ তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে আসে।
পুলিশি জিজ্ঞাসাবাদে রাকেশ মিস্ত্রি মোটরসাইকেল চুরির কথা স্বীকার করেছে বলে জানা গেছে।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ফাফরি জঙ্গল এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার ধৃতকে ফের জলপাইগুড়ি আদালতে তোলা হয় ও আরও রিমান্ডের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারে।
পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ।












































