শিলিগুড়ি: শিলিগুড়ির বাঘাযতীন পার্ক রবিবার পরিণত হল সাধারণ মানুষের অভিযোগ জানানোর মঞ্চে।
শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষের উদ্যোগে আয়োজিত “সরাসরি শঙ্কর” কর্মসূচিতে কয়েকশো মানুষ নিজেদের অভাব-অভিযোগ ও সমস্যার কথা সরাসরি তুলে ধরেন বিধায়কের সামনে।
এই কর্মসূচিতে বিশেষভাবে নজর কাড়ে ২০১৬ সালের নিয়োগ দুর্নীতিতে ক্ষতিগ্রস্ত চাকরিপ্রার্থীদের উপস্থিতি।
চাকরি হারানো বা নিয়োগ না পাওয়া বহু প্রার্থী তাঁদের দীর্ঘদিনের ক্ষোভ ও দাবি বিধায়কের কাছে তুলে ধরেন।
পাশাপাশি জমি সংক্রান্ত জটিলতা, প্রশাসনিক সমস্যা ও বিভিন্ন নাগরিক পরিষেবা নিয়েও একাধিক অভিযোগ জমা পড়ে।
শুধু শিলিগুড়ি শহর নয়, বিভিন্ন জেলা থেকেও মানুষ এই কর্মসূচিতে অংশ নিতে আসেন।
ফলে এই কর্মসূচির পাশাপাশি এটি একপ্রকার জনসংযোগ ও গণশুনানির রূপ নেয়।
বিধায়ক শঙ্কর ঘোষ জানান, মানুষের কাছ থেকে পাওয়া প্রতিটি অভিযোগ সংশ্লিষ্ট সরকারি দপ্তরে পৌঁছে দেওয়া হবে ও সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হবে।
ভবিষ্যতেও সময় ও সুযোগ অনুযায়ী এই ধরনের সরাসরি জনসংযোগমূলক কর্মসূচি চালিয়ে যাওয়ার ইঙ্গিত দেন তিনি।











































