উত্তরবঙ্গে প্রথম প্রশাসনিক বৈঠকে অগ্নিমিত্রা পাল, বন্যা মোকাবিলা থেকে দুর্নীতি তদন্ত – একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা!

শিলিগুড়ি: উত্তরবঙ্গ সফরে এসে প্রথম প্রশাসনিক বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

উত্তরকন্যায় বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, উত্তরবঙ্গের সাম্প্রতিক বন্যা পরিস্থিতি ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

বৈঠকে বিভিন্ন দপ্তরের প্রশাসনিক আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, নারী সুরক্ষা, সামাজিক উন্নয়ন ও পরিচ্ছন্নতা বজায় রাখার বিষয়েও বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

আগামী পয়লা সেপ্টেম্বর থেকে রাজ্যজুড়ে রাস্তায় ময়লা ফেলা ও নিষিদ্ধ ক্যারিব্যাগ ব্যবহার করলে জরিমানার বিধান কার্যকর করা হবে।

যদিও জরিমানার পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্ধারিত সময় থেকেই নিয়মটি চালু হবে বলে তিনি জানান।

এছাড়াও বৈধ পার্কিং ব্যবস্থার ওপর জোর দেওয়া হয়েছে। পার্কিং জোনগুলিকে নির্দিষ্ট রঙ ও চিহ্নের মাধ্যমে চিহ্নিত করা হবে, যাতে সাধারণ মানুষ সহজেই সেগুলি চিনতে পারেন।

জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ডিজিটাল প্রচার ও সচেতনতামূলক কর্মসূচিও গ্রহণ করা হবে বলে জানান তিনি।

বৈঠকে ডাম্পিং গ্রাউন্ড, পানীয় জল সরবরাহ সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

একইসঙ্গে বিভিন্ন দপ্তরে দুর্নীতির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী প্রশ্ন তোলেন, পূর্ববর্তী সরকারের আমলে বরাদ্দ হওয়া বিপুল অর্থ কোথায় ব্যয় হয়েছে।

তিনি স্পষ্ট জানান, যেসব দপ্তরে দুর্নীতির অভিযোগ রয়েছে, সেগুলির তদন্ত অবশ্যই হবে।

পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে যেসব পরিবারে জমি থাকা সত্ত্বেও শৌচাগার নেই, সেখানে সরকারের উদ্যোগে শৌচাগার নির্মাণ করা হবে।

পাশাপাশি বিভিন্ন ঘিঞ্জি এলাকায় সার্বজনীন শৌচাগার তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

‘নির্মল বন্ধু’দের কাজে লাগিয়ে পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করা হবে। তাঁদের জন্য বায়োমেট্রিক উপস্থিতি ব্যবস্থা ও প্রয়োজনীয় যানবাহনের ব্যবস্থাও করা হবে।

রাজ্য সরকারের ‘স্বচ্ছ’ অ্যাপের মাধ্যমে নাগরিকরা আবর্জনা বা নোংরা স্থানের ছবি পাঠাতে পারবেন। সেই তথ্যের ভিত্তিতে নির্মল বন্ধুরা দ্রুত পরিষ্কার- পরিচ্ছন্নতার কাজ করবেন বলে জানান মন্ত্রী।

শিক্ষা ও নিরাপত্তার প্রসঙ্গে তিনি বলেন, অবৈধ মাদ্রাসার আড়ালে কোনও ভারতবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না।

তবে স্বীকৃত মাদ্রাসাগুলির শিক্ষার্থীরা যাতে ডাক্তার, ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন উচ্চশিক্ষার ক্ষেত্রে এগিয়ে যেতে পারেন, সেই প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

প্রশাসনিক বৈঠক শেষে অগ্নিমিত্রা পাল পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেন। প্রথমে মিরিক, কার্শিয়াং ও দার্জিলিংয়ে ধারাবাহিক বৈঠকের কর্মসূচি রয়েছে বলে জানান তিনি।

এছাড়া এদিনই জলপাইগুড়িতে রাত্রিবাসের পর আগামী ৯ তারিখে আরও একটি প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হবে বলেও তিনি উল্লেখ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here