নিরঞ্জন ঘাট সংস্কারে অনিয়মের অভিযোগ, শিডিউল মেনে কাজ শেষের দাবি বিজেপি ও স্থানীয়দের!

ইসলামপুর: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর শহরের ব্লকপাড়া এলাকার নিরঞ্জন ঘাট সংস্কার কাজকে ঘিরে অনিয়মের অভিযোগ।

স্থানীয় বিজেপি নেতৃত্ব ও এলাকার বাসিন্দাদের একাংশের দাবি, সরকারি তহবিল থেকে প্রায় ৫৫ লক্ষ টাকা ব্যয়ে ছয় মাস আগে কাজ শুরু হলেও এখনও পর্যন্ত প্রকল্পের উল্লেখযোগ্য অগ্রগতি দেখা যায়নি।

স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়সূচি অনুযায়ী কাজ সম্পন্ন না হওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ বাড়ছে।

তাঁদের দাবি, দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে সংস্কার কাজ শেষ করতে হবে।

বিজেপি নেতা নেপাল দত্ত অভিযোগ করে বলেন, সংস্কারের নামে পুকুর খনন করে সেখানকার মাটি অবৈধভাবে বিক্রি করা হচ্ছে।

বিষয়টি প্রশাসনের নজরে এনে তদন্তের দাবি জানিয়েছেন তিনি।

তাঁর মতে, সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখা জরুরি ও প্রকল্পের কাজ নির্ধারিত শিডিউল মেনেই হওয়া উচিত।

অন্যদিকে, ঠিকাদার সংস্থার পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে।

সংস্থার কর্মীদের দাবি, সরকারি নিয়ম ও প্রকল্পের নির্ধারিত শিডিউল মেনেই কাজ চলছে।

অনিয়মের অভিযোগের কোনও ভিত্তি নেই বলেও তারা দাবি করেছেন।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চর্চা শুরু হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তবে স্থানীয়দের একাংশ দ্রুত তদন্ত ও কাজের অগ্রগতির স্বচ্ছ হিসাব প্রকাশের দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here