শিলিগুড়ি: শিলিগুড়ির মাটিগাড়া খাপরেল মোড় এলাকায় নির্মীয়মাণ জাতীয় সড়কের একটি গভীর গর্তে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক বাইক আরোহীর।
ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিগাড়ার ১০ নম্বর জাতীয় সড়কে ফ্লাইওভার নির্মাণের কাজ চলার জন্য একটি বড় গর্ত খোঁড়া ছিল।
বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা ওই গর্তে একটি বাইকের অংশ দেখতে পেয়ে মাটিগাড়া থানায় খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
দীর্ঘ চেষ্টার পর গর্ত থেকে বাইকসহ এক যুবককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
মৃত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর বলে জানা গিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই বিপজ্জনক গর্তের চারপাশে পর্যাপ্ত ব্যারিকেড বা সতর্কতামূলক ব্যবস্থা ছিল না।
ফলে নির্মাণকারী সংস্থা ও জাতীয় সড়ক কর্তৃপক্ষের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি তাদের।
প্রাথমিক অনুমান, মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টির কারণে রাস্তার পরিস্থিতি খারাপ হয়ে পড়েছিল।
সেই সময় যুবকটি বাইকের নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যান ও ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
জানা গিয়েছে, মাত্র এক মাস আগেই তিনি নতুন বাইকটি কিনেছিলেন।
মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
গোটা ঘটনার তদন্ত শুরু করেছে মাটিগাড়া থানার পুলিশ।











































