রাতভর পুলিশের তল্লাশি, টাকার উৎস নিয়ে জোর চর্চা
কাঁচরাপাড়া: উত্তর ২৪ পরগনার কাঁচরাপাড়ার ফোরম্যান কলোনি এলাকায় অবস্থিত একটি ইংলিশ মিডিয়াম স্কুলের দীর্ঘদিনের বন্ধ ঘর থেকে বিপুল পরিমাণ নগদ অর্থ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
বীজপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার গভীর রাতে স্কুল চত্বরে অভিযান চালায়।
রাতভর তল্লাশি চালিয়ে ওই ঘর থেকে মোট ১ কোটি ৭৭ লক্ষ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া নগদ অর্থ গণনার জন্য তিনটি নোট গোনার মেশিন আনা হয়।
ভোর প্রায় পাঁচটা পর্যন্ত গণনা প্রক্রিয়া চলে। এরপর বিপুল পরিমাণ নগদ অর্থ বাজেয়াপ্ত করে পুলিশ।
ঘটনার পর স্কুলের ক্যাশিয়ার অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট সায়ন ঘোষকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে বীজপুর থানার পুলিশ।
প্রাথমিক জেরায় এত বিপুল পরিমাণ অর্থ স্কুলের একটি বন্ধ ঘরে কীভাবে রাখা হয়েছিল, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি বলে পুলিশ সূত্রে খবর।
এদিকে ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা।
এলাকার বিধায়ক সুদীপ্ত দাস ও হার্নেট স্কুলের প্রাক্তন ছাত্র ডা. অনির্বাণ গাঙ্গুলী দাবি করেছেন, উদ্ধার হওয়া অর্থ কাঁচরাপাড়া পৌরসভার পৌরপ্রধান কমল অধিকারীর।
তাঁদের দাবি, কমল অধিকারী স্কুলের প্রেসিডেন্ট হওয়ায় ওই অর্থ সেখানে রাখা হয়েছিল।
যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের প্রতিক্রিয়া এখনও জানা যায়নি।
অভিযানের সময় কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল।
টাকার উৎস, মালিকানা ও অর্থ সেখানে কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।














































