হাইকোর্টের নির্দেশে হায়দারপাড়ায় উচ্ছেদ অভিযান, ভাঙা হল একাধিক দোকান!

শিলিগুড়ি: আদালতের নির্দেশ কার্যকর করতে শুক্রবার শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের হায়দারপাড়া আনন্দময়ী কালীবাড়ি মোড় সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান চালাল শিলিগুড়ি পুরনিগম।

অভিযানে রাস্তার ধারে গড়ে ওঠা একাধিক দোকান ভেঙে ফেলা হয়, যার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

পুরনিগম সূত্রে জানা গিয়েছে, কলকাতা উচ্চ আদালতের নির্দেশ মেনেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

অভিযানে ভক্তিনগর থানার পুলিশ ও পুরনিগমের কর্মীরা যৌথভাবে অংশ নেন।

প্রথমে দোকানদারদের নিজেদের উদ্যোগে দোকান সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে দোকান না সরানোয় উচ্ছেদ প্রক্রিয়া শুরু করা হয়।

অভিযানে সেলুন, হোটেল, চায়ের দোকান অন্যান্য ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের কাঠামো ভেঙে দেওয়া হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকাজুড়ে কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

এদিকে ক্ষুব্ধ ব্যবসায়ীদের দাবি, প্রশাসনের নির্দেশ অনুযায়ী তাঁরা রাস্তার ধারে প্রয়োজনীয় জায়গা ছেড়ে দিয়েই ব্যবসা পরিচালনা করছিলেন।

তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ব্যবসা করে পরিবার চালিয়ে আসছেন।

হঠাৎ করে দোকান উচ্ছেদ হওয়ায় বহু পরিবার আর্থিক অনিশ্চয়তার মুখে পড়েছে।

উচ্ছেদ অভিযানকে ঘিরে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here