জলপাইগুড়ি: উত্তরবঙ্গ সফরে এসে প্রকৃতির কোলে কিছুটা সময় কাটালেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ।
শুক্রবার সকালে স্ত্রীকে সঙ্গে নিয়ে গরুমারা সাউথ রেঞ্জের ধুপঝোড়া গাছবাড়ি এলিফ্যান্ট ক্যাম্পে হাতি সাফারিতে অংশ নেন তিনি।
বৃহস্পতিবার রাতে চাপড়ামারী বন বাংলোতে অবস্থান করেন মন্ত্রী।
শুক্রবার সকালে বাংলো থেকে বেরিয়ে জলঢাকা রেল সেতু সংলগ্ন এলাকায় কিছুক্ষণ হেঁটে প্রাকৃতিক পরিবেশ উপভোগ করেন।
এরপর তিনি ধুপঝোড়া গাছবাড়ি এলিফ্যান্ট ক্যাম্পে পৌঁছন।
সেখানে মাহুতরা পিলখানায় থাকা কুনকি হাতিদের সঙ্গে মন্ত্রী ও তাঁর স্ত্রীর পরিচয় করিয়ে দেন।
পরে দম্পতি হাতির পিঠে চড়ে জঙ্গলের মনোরম পরিবেশে সাফারিতে অংশ নেন।
তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও বনদপ্তরের আধিকারিকরা।
প্রশাসনিক ব্যস্ততার ফাঁকে এই বনভ্রমণে উত্তরবঙ্গের প্রাকৃতিক সৌন্দর্য ও বনভিত্তিক পর্যটনের প্রতি আগ্রহের বার্তা দেন মন্ত্রী।
হাতি সাফারিকে ঘিরে পর্যটক ও বনকর্মীদের মধ্যেও উৎসাহের পরিবেশ দেখা যায়।















































