প্রাকৃতিক কৃষির বার্তা পৌঁছে দিতে কর্মশালা, অংশ নিলেন শতাধিক কৃষক!

ইসলামপুর: কৃষিতে রাসায়নিকের ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ও টেকসই চাষাবাদকে উৎসাহিত করতে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ইসলামপুরে আয়োজিত হল প্রাকৃতিক কৃষি বিষয়ক এক বিশেষ কর্মশালা।

উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের সূর্য সেন মঞ্চে অনুষ্ঠিত এই কর্মশালায় মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে আসা কৃষকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

কর্মশালার উদ্বোধন করেন ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামপুরের বিডিও পিনাকী দেবনাথ, মহকুমা সহ কৃষি অধিকর্তা মাহফুজ আলম, মহকুমা উদ্যানপালন বিভাগের অধিকর্তা অনিক মজুমদার-সহ কৃষি দপ্তরের একাধিক আধিকারিক।

কৃষি বিশেষজ্ঞরা এদিন প্রাকৃতিক কৃষির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

রাসায়নিক সার ও কীটনাশকের পরিবর্তে প্রাকৃতিক উপায়ে চাষাবাদ, উৎপাদন খরচ হ্রাস, মাটির উর্বরতা বৃদ্ধি সহ কৃষিপণ্যের গুণগত মান উন্নয়নের মতো বিষয়গুলি তুলে ধরা হয় কর্মশালায়।

আলোচকদের বক্তব্য, বর্তমান সময়ে প্রাকৃতিক কৃষি শুধু পরিবেশ রক্ষার ক্ষেত্রেই নয়, কৃষকদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

তাই রাজ্যজুড়ে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

কর্মশালায় অংশগ্রহণকারী কৃষকেরা জানান, আধুনিক কৃষির পাশাপাশি প্রাকৃতিক কৃষির নানা পদ্ধতি সম্পর্কে নতুন ধারণা লাভ করেছেন তারা।

ভবিষ্যতে সেই জ্ঞান বাস্তবে কাজে লাগিয়ে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি খরচ কমানোর আশা প্রকাশ করেন কৃষকরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here