শপিং মল থেকে ফেরার পথে যুবকের আইফোন ও নগদ ছিনতাই, ৩ অভিযুক্ত গ্রেফতার!

শিলিগুড়ি: শপিং মল থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে এক যুবকের কাছ থেকে আইফোন ও নগদ টাকা ছিনতাইয়ের ঘটনায় তিন যুবককে গ্রেফতার করল মাটিগাড়া থানার পুলিশ।

ধৃতদের কাছ থেকে একটি আইফোন ও কিছু নগদ অর্থ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে প্রায় ২টা নাগাদ দুই যুবক নিজেদের চারচাকা গাড়িতে করে আমবাড়ির উদ্দেশ্যে রওনা দেন।

মাটিগাড়া থেকে দার্জিলিং মোড়ের মাঝামাঝি এলাকায় একটি স্কুটিতে চেপে আসা তিন যুবক তাঁদের গাড়ির পথ আটকায়।

অভিযোগ, এরপর ওই তিনজনের মধ্যে একজন ভুক্তভোগীর কাছ থেকে একটি আইফোন ও ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর শুক্রবার মাটিগাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।

অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্ত চলাকালীন শুক্রবার সন্ধ্যায় মাটিগাড়া বাজার সংলগ্ন এলাকায় সাদা পোশাকের পুলিশ অভিযান চালিয়ে তিন যুবককে আটক করে।

ধৃতদের নাম নেহাল মাহাতো (১৮), ঝংকার মোড়ের গোয়ালাপট্টির বাসিন্দা, সন্তোষ রাজভর (১৮), শিশুডাঙ্গি এলাকার বাসিন্দা ও কুকিল রায় (২০), মহানন্দা কলোনির বাসিন্দা।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

শনিবার তাঁদের শিলিগুড়ি আদালতে তোলা হয়েছে।

ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, ও ছিনতাই হওয়া বাকি সামগ্রী উদ্ধার করা সম্ভব কি না, তা খতিয়ে দেখছে মাটিগাড়া থানার পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here