শিলিগুড়ি: শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার রাজনৈতিক মহলে শোকের ছায়া।
প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও তৃণমূল কংগ্রেস নেতা মহম্মদ আইনুল হকের আকস্মিক মৃত্যুর ঘটনা।
শনিবার সকালে তাঁকে নিজের বাড়িতে গলায় দড়ি দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা।
দ্রুত তাঁকে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
দীর্ঘ কয়েক দশক ধরে এলাকার রাজনৈতিক ও সামাজিক জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন মহম্মদ আইনুল হক।
রাজনৈতিক জীবনের শুরু কংগ্রেসের হাত ধরে। গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির নির্বাচনে একাধিকবার জয়লাভ করে তিনি জননেতা হিসেবে নিজের পরিচিতি গড়ে তোলেন।
পরবর্তীকালে মহকুমা পরিষদের সদস্য নির্বাচিত হয়ে বিরোধী দলের গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেন।
পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর মহকুমা পরিষদে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ও কর্মাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব সামলান।
এলাকার উন্নয়নমূলক নানা কাজে তাঁর সক্রিয় ভূমিকার কথা আজও স্মরণ করেন বহু মানুষ।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন।
তাঁর মৃত্যুর ঘটনায় পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে।
প্রবীণ এই নেতার প্রয়াণে ফাঁসিদেওয়ার রাজনৈতিক অঙ্গনে এক শূন্যতার সৃষ্টি হল বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।












































