শিলিগুড়ি: দীর্ঘদিন ধরে বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকা ফুলবাড়ির কথিত অবৈধ টোল আদায় ব্যবস্থা অবশেষে বন্ধ হয়ে গেল।
এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে প্রতিদিন ওই পথ ব্যবহার করা অসংখ্য গাড়িচালক ও সাধারণ যাত্রীদের মধ্যে।
অভিযোগ ছিল, দেশের অধিকাংশ টোল প্লাজায় ডিজিটাল পদ্ধতিতে অর্থ আদায় হলেও ফুলবাড়ির এই টোল পয়েন্টে শুধুমাত্র নগদ অর্থ গ্রহণ করা হতো।
ফলে গাড়িচালকদের প্রায়শই সমস্যার মুখোমুখি হতে হতো।
পাশাপাশি কেন ডিজিটাল ব্যবস্থার বাইরে থেকে এই টোল পরিচালিত হচ্ছে, তা নিয়েও দীর্ঘদিন ধরে প্রশ্ন উঠছিল।
এই পরিস্থিতিতে ডাবগ্রাম -ফুলবাড়ি বিধানসভার বিধায়িকা শিখা চ্যাটার্জির উদ্যোগে টোল আদায় সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে।
বিধায়িকার দাবি, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যক্তির মদতে এই ব্যবস্থা অনিয়মিত ও অবৈধভাবে পরিচালিত হচ্ছিল।
শিখা চ্যাটার্জি বলেন, “রাজ্য সরকার বা আমাদের দল কোনও ধরনের অবৈধ কার্যকলাপকে সমর্থন করে না।
সাধারণ মানুষের স্বার্থ ও স্বচ্ছতা বজায় রাখতেই এই টোল আদায় ব্যবস্থা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”
টোল বন্ধ হওয়ার ফলে এখন থেকে ওই রাস্তা ব্যবহারকারী গাড়িচালকদের অতিরিক্ত অর্থ গুনতে হবে না বলেও জানান তিনি।
দীর্ঘদিনের এই সমস্যার সমাধানে এলাকাবাসী, পরিবহণ কর্মী ও সাধারণ যাত্রীদের মধ্যে সন্তোষের পরিবেশ তৈরি হয়েছে।
অনেকেই মনে করছেন, এই পদক্ষেপের ফলে সাধারণ মানুষের ভোগান্তি কমবে ও যাতায়াত আরও সহজ হবে।












































