ইসলামপুর: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর উদযাপন বর্ষ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে রবিবার ইসলামপুর গভমেন্ট পলিটেকনিক কলেজে আয়োজিত হল বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের প্রতিষ্ঠাতা সদস্য তথা প্রাক্তন সম্পাদক ডঃ বাসন্তী দুলাল নাগের স্মারক বক্তৃতা ও আলোচনা চক্র।
অনুষ্ঠানে ডঃ বাসন্তী দুলাল নাগের বিজ্ঞানচর্চা, বিজ্ঞান আন্দোলনে তাঁর অবদান ও সমাজে বিজ্ঞানমনস্কতা গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকার উপর বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি ‘বিজ্ঞানের ধর্ম ও রবীন্দ্রনাথ’ বিষয়ক একটি বিশেষ আলোচনা চক্রেরও আয়োজন করা হয়, যেখানে বিজ্ঞান, মানবতাবাদ ও রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক শ্যামল চক্রবর্তী, বিজ্ঞান আন্দোলনের সঙ্গে যুক্ত বিভিন্ন নেতৃত্ব ও কর্মীরা।
এছাড়াও এলাকার বিভিন্ন বিদ্যালয়ের পড়ুয়ারা অংশগ্রহণ করে আলোচনা শোনেন ও বিজ্ঞানভিত্তিক ভাবনার সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান।
আয়োজকদের বক্তব্য, বিজ্ঞানচেতনা ও যুক্তিবাদী মনোভাবকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এই ধরনের কর্মসূচির আয়োজন করা হচ্ছে।
পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের ৪০ বছর পূর্তি উপলক্ষে আগামী দিনেও একাধিক বিজ্ঞানভিত্তিক অনুষ্ঠান ও সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।















































