জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, সমস্যার কথা শুনলেন মন্ত্রী শঙ্কর ঘোষ!

শিলিগুড়ি: পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুবিধা সহজ ও সরল প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে সোমবার থেকে শিলিগুড়ির দেশবন্ধু চিত্তরঞ্জন ইন্ডোর স্টেডিয়ামে পুরনিগমের ৩ নম্বর বোরো অফিসের উদ্যোগে জনকল্যাণ শিবিরের সূচনা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ।

এদিন আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা ভাণ্ডার ও বার্ধক্য ভাতা সংক্রান্ত বিভিন্ন পরিষেবা গ্রহণ করতে বহু মানুষের ভিড় লক্ষ্য করা যায়।

শিবির পরিদর্শনের সময় বার্ধক্য ভাতা সংক্রান্ত সমস্যায় পড়া কয়েকজন মানুষের সঙ্গে কথা বলেন মন্ত্রী।

তিনি তাঁদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন ও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করে সঠিক পদ্ধতি অনুসরণ করার পরামর্শ দেন।

পাশাপাশি সমস্যার দ্রুত সমাধানে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন।

পরে শিবিরে উপস্থিত সাধারণ মানুষের হাতে গাছের চারা তুলে দেন শঙ্কর ঘোষ।

পরিবেশ রক্ষার বার্তা দিয়ে তিনি প্রত্যেককে নিজের মায়ের নামে অন্তত একটি গাছ রোপণ করে তা যত্নসহকারে বড় করে তোলার আহ্বান জানান।

এই জনকল্যাণ শিবিরের মাধ্যমে সরকারি প্রকল্পগুলির সুবিধা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here