শিলিগুড়ি: সরকারি জমি দখলের অভিযোগে মাল্লাগুড়ি এলাকার একটি বেসরকারি হোটেলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল শিলিগুড়ি পুর নিগম।
সোমবার সকালে পুর নিগমের উদ্যোগে হোটেলের একটি অংশ ভেঙে ফেলা হয়।
অভিযোগ, হোটেলের পিছনের অংশ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার (এনবিএসটিসি) জমির মধ্যে অনুপ্রবেশ করেছিল।
পুর নিগম সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে সংশ্লিষ্ট হোটেল কর্তৃপক্ষকে অবৈধ দখল সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।
নির্ধারিত সময়ের মধ্যে কোনও ব্যবস্থা না নেওয়ায় শেষ পর্যন্ত সোমবার উচ্ছেদ অভিযান চালানো হয়।
অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পুর নিগমের আধিকারিকরা।
তবে এই পদক্ষেপকে ঘিরে বিতর্কও তৈরি হয়েছে।
হোটেলের মালিক মুকেশ পোদ্দারের দাবি, মাত্র এক ইঞ্চি জমি দখলের অভিযোগ থাকলেও বাস্তবে অনেক বড় অংশ ভেঙে ফেলা হয়েছে।
তাঁর অভিযোগ, ভাঙচুরের ফলে ভবনের গুরুত্বপূর্ণ পিলার ক্ষতিগ্রস্ত হয়েছে ও পুরো হোটেলের নিরাপত্তা এখন প্রশ্নের মুখে।
মুকেশ পোদ্দার আরও অভিযোগ করেন, অভিযানের আগে তাঁকে নতুন করে কোনও নোটিশ দেওয়া হয়নি।
হঠাৎ করেই পুর নিগম এসে ভাঙার কাজ শুরু করে।
তাঁর দাবি, এই হোটেলের উপরই পরিবারের জীবিকা নির্ভরশীল ও এই ঘটনার ফলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এদিকে, পুর নিগমের পদক্ষেপের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।
তাঁর অভিযোগ, পাশের আরও একটি বেসরকারি হোটেলের অংশও নির্ধারিত সীমানার বাইরে রয়েছে, অথচ সেখানে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
ফলে বেছে বেছে অভিযান চালানোর অভিযোগ তুলেছেন তিনি।
ঘটনার প্রতিবাদে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আদালতের দ্বারস্থ হওয়ার কথাও জানিয়েছেন হোটেল মালিক।
অন্যদিকে, অবৈধ নির্মাণ ও সরকারি জমি দখলের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান চলবে বলে ইঙ্গিত মিলেছে পুর নিগম সূত্রে।












































