বকেয়া মজুরি ও সমকাজে সমবেতনের দাবিতে প্রশাসনের দ্বারস্থ V.B.D.C কর্মীরা

বকেয়া মজুরি ও সমকাজে সমবেতনের দাবিতে প্রশাসনের দ্বারস্থ V.B.D.C কর্মীরা

শিলিগুড়ি: বকেয়া মজুরি ও সমকাজে সমবেতনের দাবিতে প্রশাসনের দ্বারস্থ হলেন V.B.D.C (V.S.T) কর্মীরা।

সোমবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অতিরিক্ত নির্বাহী আধিকারিকের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে নিজেদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন কর্মীরা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, করোনা সময় V.B.D.C কর্মীদের ২২ দিন কাজের ভিত্তিতে নিয়োগ করা হলেও পরবর্তীতে রাজ্য সরকারের ঘোষণায় কর্মদিবস ৩০ দিনে উন্নীত হয়।

সেই অনুযায়ী তাঁদের মাসিক ভাতা ৫,২৫০ টাকা নির্ধারণ করা হয়। তবে ২০২৩ সালে তৎকালীন মুখ্যমন্ত্রীর ঘোষণায় দৈনিক মজুরি ২৫ টাকা বৃদ্ধি করে ২০০ টাকা করার কথা জানানো হলেও V.B.D.C কর্মীরা এখনও সেই সুবিধা থেকে বঞ্চিত বলে অভিযোগ।

কর্মীদের দাবি, একই ধরনের কাজ করা S.A.V.R.P কর্মীরা বর্তমানে দৈনিক ২০০ টাকা মজুরি পেলেও V.B.D.C কর্মীরা এখনও ১৭৫ টাকা হারে মজুরি পাচ্ছেন।

গত দুই বছর ধরে এই বৈষম্য চললেও সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ তাঁদের।

ফলে ‘সমকাজে সমবেতন’ নীতির ভিত্তিতে বকেয়া মজুরি দ্রুত মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

স্মারকলিপিতে আরও বলা হয়েছে, বর্তমানে রাজ্যে প্রায় ৩২,৩৮৭ জন V.B.D.C কর্মী এই সমস্যার সম্মুখীন।

তাই বিষয়টি কোনও নির্দিষ্ট এলাকার নয়, বরং রাজ্যজুড়ে হাজার হাজার কর্মীর ন্যায্য অধিকার ও প্রাপ্যের সঙ্গে জড়িত।

বকেয়া ২৫ টাকা দৈনিক হারে মজুরি প্রদানের পাশাপাশি কর্মীদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে সমকাজে সমবেতন, বেতন বৃদ্ধি, স্থায়ীকরণ, সাপ্তাহিক ও সরকারি ছুটি, মাতৃত্বকালীন ছুটি, কাজের মেয়াদ ৬৫ বছর পর্যন্ত বৃদ্ধি সহ অবসরকালীন ভাতার ব্যবস্থা।

কর্মীদের আশা, প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here