বিশ্বমঞ্চে বাংলার পর্যটনকে নতুন পরিচয় দেওয়ার লক্ষ্য, উত্তরবঙ্গের উন্নয়নে একাধিক পরিকল্পনার ইঙ্গিত পর্যটনমন্ত্রী শংকর ঘোষের!

শিলিগুড়ি: রাজ্যের পর্যটনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার শিলিগুড়িতে এসে আনুষ্ঠানিকভাবে শিলিগুড়ির পর্যটন দফতরের দায়িত্বভার গ্রহণ করলেন শিলিগুড়ির বিধায়ক তথা রাজ্যের নতুন পর্যটনমন্ত্রী শংকর ঘোষ।

শহরের মৈনাক ট্যুরিজম অবস্থিত পর্যটন দফতরের কার্যালয়ে পৌঁছে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এদিন দফতরের আধিকারিকরা তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শংকর ঘোষ জানান, উত্তরবঙ্গের পর্যটন সম্ভাবনাকে বিশ্বদরবারে তুলে ধরার পাশাপাশি গোটা রাজ্যের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ, আধুনিক ও আকর্ষণীয় করে তোলাই তাঁর মূল লক্ষ্য।

তিনি বলেন, “বাংলার পর্যটনকে এমন উচ্চতায় পৌঁছে দিতে চাই, যাতে বিশ্বের মানচিত্রে তা একটি স্বতন্ত্র পরিচিতি লাভ করে।”

পর্যটন শিল্পের উন্নয়নে আগামী ১৭ জুন একটি গুরুত্বপূর্ণ বৈঠকে একাধিক নতুন প্রস্তাব উপস্থাপনের কথা জানান মন্ত্রী।

তিনি বলেন, ওই প্রস্তাবগুলি পরবর্তীতে রাজ্য মন্ত্রিসভার বৈঠকেও উত্থাপন করা হবে।

পর্যটন ক্ষেত্রের পরিকাঠামো উন্নয়ন, পর্যটক পরিষেবার মান বৃদ্ধি সহ নতুন পর্যটন কেন্দ্র গড়ে তোলার বিষয়েও গুরুত্ব দেওয়া হবে বলে তিনি ইঙ্গিত দেন।

পাহাড়ের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার সমাধানে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের কথাও জানান শংকর ঘোষ।

বিশেষ করে ঘুম থেকে দার্জিলিং পর্যন্ত রাস্তায় দীর্ঘ যানজটের কারণে পর্যটকদের যে ভোগান্তির শিকার হতে হয়, সেই সমস্যা সমাধানে জেলা প্রশাসনের সঙ্গে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে বলে তিনি জানান। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাসও দেন মন্ত্রী।

এছাড়াও উত্তরবঙ্গের অন্যতম প্রধান অর্থনৈতিক ভিত্তি চা শিল্পের সংরক্ষণ ও উন্নয়নের বিষয়েও গুরুত্বারোপ করেন তিনি।

তাঁর মতে, পর্যটনের প্রসারের নামে যাতে চা বাগানের কোনও ক্ষতি না হয়, সেদিকে বিশেষ নজর রাখা হবে। পর্যটন ও চা শিল্প -উভয় ক্ষেত্রের মধ্যে ভারসাম্য বজায় রেখেই উন্নয়নের পথে এগোতে চায় রাজ্য সরকার।

নতুন দায়িত্ব গ্রহণের পর পর্যটনমন্ত্রী শংকর ঘোষের এই একাধিক পরিকল্পনা ও ঘোষণাকে ঘিরে উত্তরবঙ্গের পর্যটন মহলে আশার সঞ্চার হয়েছে।

পর্যটন সংশ্লিষ্ট মহলের আশা, তাঁর নেতৃত্বে উত্তরবঙ্গের পর্যটন শিল্প নতুন দিশা পাবে ও আন্তর্জাতিক পর্যটন মানচিত্রে আরও শক্তিশালী অবস্থান তৈরি করতে সক্ষম হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here