খুঁটি পুজোতেই শুরু পুজো অর্থনীতির চাকা, ৪৪তম বর্ষে বড় বাজেটের প্রস্তুতি জাতীয় শক্তি সংঘের!

শিলিগুড়ি: দুর্গাপুজো শুধু ধর্মীয় উৎসব নয়, উত্তরবঙ্গের অন্যতম বড় অর্থনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডও বটে।

সেই উৎসবের প্রস্তুতির আনুষ্ঠানিক সূচনা হয়ে গেল শিলিগুড়িতে।

শহরের প্রথম খুঁটি পুজোর মাধ্যমে এবারের দুর্গোৎসবের কাউন্টডাউন শুরু করল জাতীয় শক্তি সংঘ ও পাঠাগার।

বুধবার চম্পাসারির শ্রীগুরু স্কুল মাঠে শুভ তিথি মেনে অনুষ্ঠিত হয় খুঁটি পুজো।

উদ্যোক্তাদের দাবি, এবারের মণ্ডপ নির্মাণে সময় বেশি লাগবে ও বেশ কিছু নতুন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেই অন্যান্য বছরের তুলনায় অনেক আগেই কাজ শুরু করা হয়েছে।

ক্লাব সূত্রে জানা গিয়েছে, গত বছরের তুলনায় এবারের বাজেট ১৫ থেকে ২০ লক্ষ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মণ্ডপ নির্মাণে বাইরের দক্ষ শিল্পীদের আনা হচ্ছে ও ইতিমধ্যেই প্রাথমিক কাজ শুরু হয়ে গিয়েছে।

যদিও এবারের থিম এখনও গোপন রাখা হয়েছে, তবে দর্শনার্থীদের জন্য একাধিক নতুন আকর্ষণের ইঙ্গিত দিয়েছেন উদ্যোক্তারা।

৪৪তম বর্ষে পদার্পণ করা এই পুজো কমিটি প্রতি বছরই উত্তরবঙ্গের অন্যতম দর্শনীয় দুর্গোৎসব হিসেবে পরিচিত।

পুজোর সঙ্গে যুক্ত থাকে অস্থায়ী কর্মসংস্থান, শিল্পীদের কাজের সুযোগ, মেলা ও বিভিন্ন ব্যবসায়িক কার্যক্রম, যা স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলে।

উদ্যোক্তাদের বক্তব্য, শুধুমাত্র মণ্ডপ বা প্রতিমা নয়, নিরাপত্তা, দর্শনার্থী পরিষেবা ও সামাজিক কর্মকাণ্ডকেও সমান গুরুত্ব দেওয়া হবে।

ফলে খুঁটি পুজোর মধ্য দিয়েই কার্যত শিলিগুড়িতে শুরু হয়ে গেল আসন্ন দুর্গোৎসবের প্রস্তুতির ব্যস্ততা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here