রাস্তা, নিকাশি ও পানীয় জলের সমস্যার দ্রুত সমাধানের দাবি
শিলিগুড়ি: দীর্ঘদিনের নাগরিক সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে মহকুমা শাসক -এর দপ্তরে গণ-ডেপুটেশন দিলেন শিলিগুড়ি পুরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
বুধবার ওয়ার্ডের বিভিন্ন জনস্বার্থমূলক সমস্যা তুলে ধরে প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান তাঁরা।
স্মারকলিপিতে এলাকার বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থার দুরবস্থা, পানীয় জলের সংকট, পরিচ্ছন্নতা ও অন্যান্য নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যার বিষয় উল্লেখ করা হয়।
ওয়ার্ডবাসীদের পক্ষ থেকে একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।
প্রতিনিধিদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এসব সমস্যার কারণে সাধারণ মানুষ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন। একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরের নজরে বিষয়গুলি আনা হলেও এখনও পর্যন্ত অনেক সমস্যার স্থায়ী সমাধান হয়নি।
এদিনের কর্মসূচিতে ওয়ার্ডের বহু বাসিন্দা, সমাজসেবী ও সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
তাঁদের বক্তব্য, এলাকার সার্বিক উন্নয়ন ও প্রয়োজনীয় নাগরিক পরিষেবা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপ অত্যন্ত জরুরি।
প্রশাসনের পক্ষ থেকে ডেপুটেশন গ্রহণ করে বিষয়গুলি খতিয়ে দেখার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
ফলে ওয়ার্ডবাসীদের আশা, দীর্ঘদিনের সমস্যা নিরসনে এবার ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে প্রশাসন।











































