শিলিগুড়ি: মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেল বাগডোগরা থানার পুলিশ।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১.৮৯৩ কিলোগ্রাম ব্রাউন সুগার-সহ এক যুবককে গ্রেফতার করে।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক কয়েক কোটি টাকা।
ধৃতের নাম ইমরান হোসেন (২৩)। সে মালদার কালিয়াচক এলাকার চাড়ি অনন্তপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, নম্বরবিহীন একটি দামি মোটরসাইকেলে চেপে কালো রঙের ব্যাগে করে দুই প্যাকেট ব্রাউন সুগার নিয়ে চৌপোখরিয়া বস্তি এলাকায় সরবরাহ করতে যাচ্ছিল অভিযুক্ত।
সেই সময় বাগডোগরা থানার পুলিশের কাছে গোপন সূত্রে খবর পৌঁছায়।
এরপরই শুরু হয় নজরদারি ও তল্লাশি অভিযান।
জানা গিয়েছে, হাসকোয়া এলাকা থেকে সন্দেহভাজন যুবকের পিছু নেয় পুলিশ।
পালানোর চেষ্টা করলে টাইপু চা বাগান সংলগ্ন এলাকায় তাকে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে দুই প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করা হয়।
এছাড়াও পুলিশ ধৃতের কাছ থেকে দুটি স্মার্টফোন ও নম্বরবিহীন মোটরসাইকেলও বাজেয়াপ্ত করেছে পুলিশ।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ওই মাদক এলাকায় সরবরাহ করতে যাচ্ছিল।
তবে হাত বদলের আগেই তাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
ঘটনায় গ্রেফতার করা হয় এই যুবককে পাশাপাশি পুলিশ সূত্রে আরো খবর খতিয়ে দেখছে এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, মাদক কার কাছে পৌঁছানোর কথা ছিল সাথে অভিযুক্ত কতদিন ধরে এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত রয়েছে।
ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করে পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।












































