ইসলামপুর: পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে সমাজসেবামূলক কর্মসূচির মাধ্যমে জনসচেতনতার বার্তা দিল ইসলামপুর মহকুমা প্রশাসন।
শনিবার ইসলামপুরের সূর্যসেন মঞ্চে আয়োজিত হয় রক্তদান শিবির ও নেশামুক্ত সমাজ গঠনের লক্ষ্যে গণস্বাক্ষর কর্মসূচি।
এই কর্মসূচিতে অংশ নিয়ে ইসলামপুরের মহকুমা শাসক অঙ্কিতা আগারওয়াল নিজে রক্তদান করেন।
পাশাপাশি নেশাবিরোধী গণস্বাক্ষর অভিযানে অংশ নিয়ে যুবসমাজকে মাদকমুক্ত জীবনের পথে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
রক্তদান শিবিরে বিভিন্ন সরকারি দপ্তরের আধিকারিক, কর্মচারী সহ সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
রক্তদানের পাশাপাশি নেশার কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারও চালানো হয়।
মহকুমা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে দিনভর একাধিক সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এর মাধ্যমে সমাজের প্রতি দায়িত্ববোধ, মানবিকতা ও জনসচেতনতার বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য।
অন্যদিকে, শিলিগুড়িতেও পশ্চিমবঙ্গ দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। বিরোধী দলনেতা অমিত জৈনের উপস্থিতিতে বিভিন্ন স্কুলের পড়ুয়ারা বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়ে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরে।
রাজ্যের বিভিন্ন প্রান্তেও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়।















































