কলকাতা: ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে শিক্ষাক্ষেত্রে একাধিক বড় ঘোষণা করল রাজ্য সরকার। উত্তরবঙ্গে একটি IIT, একটি IIM ও একটি AIIMS গড়ে তোলার পরিকল্পনার পাশাপাশি ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় দুটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ও একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা জানানো হয়েছে।
মিড-ডে মিলের উপকরণ খাতে খরচ বাড়িয়ে ছাত্রপিছু ১০ টাকা করা হবে। কাঁথি, কালিয়াচক, তুফানগঞ্জ ও ফলতায় নতুন মহিলা কলেজ গড়ে তোলা হবে।
ঝাড়গ্রামে আদিবাসী বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দ করা হয়েছে ১০০ কোটি টাকা।
এছাড়া কলেজ পড়ুয়াদের এককালীন ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা, প্যারাটিচারদের মাসিক সাম্মানিক ৫ হাজার টাকা বৃদ্ধি ও প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার চালুর ঘোষণা করা হয়েছে।
আদর্শ বিদ্যালয় নির্মাণে ২১০০ কোটি টাকা ও সংস্কৃত ভাষার প্রসারে ৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।















































