শিলিগুড়ি: শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে মর্মান্তিক পথ দুর্ঘটনায় এক বাইক আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার বানেশ্বর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইস্টার্ন বাইপাস দিয়ে যাওয়ার সময় একটি কন্টেনার গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাইকটির সঙ্গে ধাক্কা লাগে।
ধাক্কার জেরে বাইক আরোহী রাস্তায় ছিটকে পড়লে কন্টেনারের পিছনের চাকার নিচে পিষ্ট হন।
ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পর কন্টেনারটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি।
দুর্ঘটনার জেরে কিছু সময়ের জন্য ওই রাস্তায় যান চলাচল ব্যাহত হয় ও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আশিঘর সাব-ট্রাফিক গার্ডের কর্মীরা ও আশিঘর ফাঁড়ির পুলিশ।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দুর্ঘটনাগ্রস্ত বাইকটিও উদ্ধার করা হয়েছে।
মৃত যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।












































