পুর কমিশনারের দ্বারস্থ বিজেপির প্রাক্তন কাউন্সিলররা, নাগরিক সমস্যা সমাধানে একগুচ্ছ প্রস্তাব!

শিলিগুড়ি: শহরের দীর্ঘদিনের নাগরিক সমস্যার সমাধানে একগুচ্ছ প্রস্তাব নিয়ে শনিবার শিলিগুড়ি পুরনিগমের কমিশনারের সঙ্গে বৈঠক করলেন বিজেপির প্রাক্তন কাউন্সিলররা।

বৈঠকে জলনিকাশি, পার্কিং, অবৈধ নির্মাণ রোধ, পরিকাঠামো উন্নয়ন-সহ বিভিন্ন বিষয় তুলে ধরার পাশাপাশি শহরের প্রতিটি ওয়ার্ডে ‘জনকল্যাণ সেবা কেন্দ্র’ গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তাঁরা।

প্রাক্তন কাউন্সিলরদের দাবি, এই সেবা কেন্দ্রগুলির মাধ্যমে সাধারণ মানুষ সহজেই তাঁদের নাগরিক সমস্যার কথা জানাতে পারবেন ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে তা দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কেন্দ্রগুলি জনস্বার্থে পরিচালিত হবে বলেও তাঁদের দাবি।

বৈঠকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রস্তাব ছিল কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলার মাঠকে বছরের অধিকাংশ সময় পার্কিং জোন হিসেবে ব্যবহার করা।

তাঁদের মতে, এতে শিলিগুড়ির ক্রমবর্ধমান যানজট ও পার্কিং সমস্যার অনেকটাই সমাধান হতে পারে।

এছাড়া সাধারণ মানুষের অভিযোগ গ্রহণের জন্য একটি বিশেষ হেল্পলাইন চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে।

বৈঠক শেষে প্রাক্তন কাউন্সিলররা জানান, পুর কমিশনার বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here